তুমি যে আমার সত্তা
যদি এটা নিছক কোনো বদভ্যাস হতো,
আমি কবেই তা পাল্টে নিতাম।
অজান্তে হয়ে যাওয়া কোনো যদি ভুল হতো,
দু-ফোঁটা চোখের জলে তা শুধরে নিতাম।
যদি এটা সাময়িক কোনো নেশা হতো,
কঠোর প্রতিজ্ঞায় আমি ঠিক ছেড়ে দিতাম।
কিংবা যদি এটা শুধুই একটা রোজকার অভ্যেস হতো,
নতুন নিয়মের বেড়াজালে নিজেকে আবার পাল্টে নিতাম।
কিন্তু এটা তো তুমি!
আমার শিরায় শিরায় বয়ে চলা, তোমার প্রতি ভালোবাসা।
তুমি তো কোনো ধুলোর আস্তরণ নও যে ঝেড়ে ফেলব,
তুমি যে আমার অস্তিত্ব, আমার বাঁচার নীরব আশা।
হৃদয়ের এতটা গভীরে যার শিকড়,
তাকে উপড়ে ফেলি বল কোন সাহসে?
এত সহজে তোমায় ভুলে যাই কী করে!
তুমি যে চিরকাল রয়ে যাবে আমার প্রতিটা দীর্ঘশ্বাসে।
0 Comments